নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগরী আমীর ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, ৭ দফা হচ্ছে জাতির মুক্তির রূপরেখা। এই দাবিগুলোর বাস্তবায়নের মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তাই ১৯ জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ঘোষিত ৭ দফা আজ জনগণের হৃদয়ের দাবি। এই আন্দোলন কেবল জামায়াতের নয়—এটি সৎ, ইনসাফপ্রিয় এবং পরিবর্তনকামী জনগণের সংগ্রাম। এই সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে, জনগণ ইসলামী নেতৃত্বকেই চায়।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামিকে রাষ্ট্রীয় দায়িত্বে বসানো হলে খুন, ধর্ষণ, ছিনতাই কিংবা দুর্নীতির মতো অপরাধ সমাজ থেকে নির্মূল হবে ইনশাআল্লাহ। বাবুগঞ্জ-মুলাদীর অবকাঠামোগত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমরা আন্তরিকভাবে কাজ করবো।
সোমবার বিকেলে (১৪ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুলাদী উপজেলা শাখার উদ্যোগে নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. বাইজিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল মালেক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ এবং ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভা শেষে এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলায় উৎসাহ জোগাতে দুটি টিমের মাঝে দুটি ফুটবল উপহার হিসেবে বিতরণ করা হয়।




