নিজস্ব প্রতিবেদক::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা যুব বিভাগের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সংবর্ধনা অনুষ্ঠান। রোববার সকালে কাজিরহাট থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এক হৃদয়ছোঁয়া পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিরহাট থানা যুব বিভাগের সভাপতি জামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মোঃ শাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজিরহাট) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজিরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন, লতা ইউনিয়ন আমির মোঃ অহিদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কাজিরহাট থানা সভাপতি মোঃ সুলাইমান ও থানা সেক্রেটারি মহিবুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন—
সফলতা কখনোই গন্তব্য নয়, এটি একটি নতুন যাত্রার সূচনা। এসএসসি বা দাখিল পাস করাই শেষ নয়; বরং এই সাফল্য যেন তোমাদেরকে আরও বিনয়ী, দায়িত্বশীল ও সৎ পথে চলার অনুপ্রেরণা দেয়।
তিনি শিক্ষার্থীদের আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে উৎসাহিত করেন এবং ইসলামী ও আধুনিক জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমাজে একটি ইতিবাচক বার্তা প্রেরণের এক অনন্য দৃষ্টান্ত।




