নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ শত প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৪ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিজন কৃষককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর হচ্ছেন আমাদের কৃষকরা। সরকারের প্রদত্ত বীজ যেন যথাযথভাবে জমিতে রোপণ করে ব্যবহার নিশ্চিত করা হয়। এই বীজ খাওয়ার জন্য নয়, এটি উৎপাদনের জন্য। আপনাদের পরিশ্রমেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ রহমাতুল্লাহ মাতুব্বার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল করিম হাওলাদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন স্বপন এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ রিয়াজুল ইসলাম ওমর।
অনুষ্ঠানে শতাধিক প্রান্তিক কৃষক উপস্থিত থেকে প্রণোদনার উপকরণ গ্রহণ করেন।




