তেলের বাজারে স্বস্তি

 

আন্তর্জাতিক ডেস্ক

ইরান-ইসরাইল সংঘাতের জেরে বিশ্ববাজারে বাড়ছিল তেলের দাম। অবশেষে যুদ্ধবিরতির খবরে তেলের বাজারে স্বস্তির বাতাস বইছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণার পরই তেলের দাম কমেছে। মূলত, সম্ভাব্য সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা কমে যাওয়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। খবর সামা টিভি।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দুই শতাংশ কমে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৭.১৩ মার্কিন ডলারে। যা সবশেষ দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। আর ব্রেন্ট ক্রুড অর্থাৎ, অপরিশোধিত তেলের দাম ১.৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৭.১৭ ডলারে।

সোমবার শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির কথা বলেন। এর প্রভাব পড়ে বৈশ্বিক তেল বাজারেও।

ট্রাম্পের ভাষ্যমতে, এ যুদ্ধবিরতি স্থায়ী।

অন্যদিকে মঙ্গলবার দিনের শুরুর দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ‘শত্রুদের ওপর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে’।

এদিকে ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে সোমবারও বিশ্ব বাজারে তেলের দাম কমেছিল। দিনটির শেষ অংশে ডব্লিউটিআই ক্রুডের দাম ৭.২ শতাংশ কমেছিল। ওই সময় প্রতি ব্যারেল বিক্রি হচ্ছিল ৬৮.৫১ ডলারে। গত এপ্রিলে সবশেষ একসঙ্গে এত কমেছিল ডব্লিউটিআই ক্রুডের দাম। একইদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭.২ শতাংশ কমে বিক্রি হচ্ছিল ৭১.৪৮ ডলারে। যা ২০২২ সালের আগস্টের পর সর্বনিম্ন।

সামা টিভি বলছে, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরই তেলের দামে নিম্নগামীতা দেখা যায়। এর আগের দিন তেলের দাম বেড়েছিল ১০ শতাংশ পর্যন্ত। ওই সময় তেলের সরবরাহ নিয়ে সন্দেহ বাড়ছিল।

গত রোববার অপরিশোধিত তেল প্রতি ব্যারেল বিক্রি হয়েছিল ৭৮.৫০ ডলারে, যা সবশেষ পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ছিল।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top