কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

 

আন্তর্জাতিক ডেস্ক

কাতারে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের তিনটি পরমাণু  স্থাপনায় মার্কিন হামলার পর দুই দিন না পেরোতেই এই হামলা চালাল তেহরান। ইরান–ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হলো।

গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ওপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না।

এ হামলা ‘ভ্রাতৃপ্রতিম’ কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।

ইরানের হামলার সময় কাতারে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাজধানী দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের এক বাসিন্দা সিএনএনকে বলেন, ‘হামলার আকস্মিকতায় আমার শিশুরা চমকে ওঠে। তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কী করব। কারণ, নিরাপদে আশ্রয় নেওয়ার বিষয়ে সরকার আগে থেকে কিছু জানায়নি।’

কাতার সরকারের দাবি, হামলায় কেউ হতাহত হননি। আল–উদেইদ বিমানঘাঁটি এলাকায় শনাক্ত হওয়া ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকতেই ধ্বংস করা হয় বলে জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আবদুল রহমান। পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top