নিজস্ব প্রতিবেদক
সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের লক্ষ্যে সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। তিনি শুক্রবার (২০ জুন) বিকালে হিজলা উপজেলা জামায়াতের কার্যালয়ে ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান জানান।
তিনি বলেন, দ্বীন কায়েমের প্রচেষ্টা চালানো ঐচ্ছিক কোন বিষয় নয়; বরং প্রত্যেক মুমিনের ওপরই অত্যাবশ্যকীয় বা ফরজ করে দেওয়া হয়েছে।
আমাদের ওপর নামাজ, রোজা, হজ্জ যাকাত যেমন ফরজ, ঠিক তেমনিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবন সহ সকল ক্ষেত্রে ইসলাম অনুসরণ করাও ফরজ।
মূলত, ইসলামই মানবজীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে। অন্য মতবাদে তা কোন ভাবেই সম্ভব নয়। যা এখন দিবালোকের মত স্পষ্ট। মূলত, আল্লাহ তা’য়ালা দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন এবং নেয়ামত হিসাবে ইসলামকে আমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করেছেন। তাই জীবনের সকল ক্ষেত্রে ইসলামের যথাযথ অনুসরণ করতে হবে। দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আমাদের সকলকে আল্লাহর বিধান ও রাসূল (সা.)-এর আদর্শের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির অধ্যাপক নুরুল আমিন এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সৈয়দ গুলজার আলম।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এম. সাইফুর রহমান ও অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হারুন-অর-রশিদ, জেলা ইউনিট সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, খলিলুর রহমান, প্রভাষক রেদওয়ান উল্লাহ, মাষ্টার ইয়াছিন হেলাল প্রমুখ।




