আন্তর্জাতিক ডেস্ক
পারমাণবিক স্থাপনা ও শীর্ষ সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাত থেকে ইরানের মিসাইল ও ড্রোন ফোর্স হামলা শুরু করেছে ইসরাইলের প্রধান নগরী তেলআবিবসহ বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে। শনিবার সকাল পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, ইরান তিন দফায় ব্যালেস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি চলেছে ড্রোন হামলা। এসব হামলায় ইসরাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া মধ্য ইসরাইলে অন্তত দুজন নিহত ও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।
এই সময়ে ইরানেও আরো কয়েক দফা হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। হামলা চালাতে গিয়ে অন্তত দুটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এক ইসরাইলি নারী পাইলটকে আটক করার দাবি করেছে ইরানের মিডিয়া। ইরানি মিডিয়া জানিয়েছে, শুক্রবার প্রথম দফা হামলার কয়েক ঘণ্টা পর ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো সক্রিয় করতে পেরেছে। যে কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরাইলি যুদ্ধবিমান। এরপরই পাল্টা আঘাত শুরু করেছে ইরান।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, উভয় পক্ষই হামলা অব্যাহত রেখেছে। রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, জেরুসালেম ও তেলআবিবসহ ইসরাইলের প্রধান প্রধান কয়েকটি নগরীতে হামলা করেছে ইরান। এসব নগরীতে সাইরেন বাজতে শোনা গেছে।
বিভিন্ন সূত্র বলছে, ইরান তিন দফায় দুই শতাধিক মিসাইল হামলা করেছে। তবে এই সংখ্যা নির্ভূলভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমগুলো। ইসরাইলি সামরিক বাহিনী শনিবার ভোরে বলেছে, গত এক ঘণ্টায় কয়েক ডজন মিসাইল ছোড়া হয়েছে। এর মধ্যে অনেকগুলো মিসাইল ভূপাতিত করা হয়েছে।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষকে নতুন করে আবারও আশ্রয়কেন্দ্রে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে। এর কয়েক মিনিট পরই তেলআবিব ও জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রয়টার্সের প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, তেলআবিবে মিসাইল সদৃশ বস্তু আছড়ে পড়ার পর ধোঁয়ার কু-লি বের হচ্ছে। টাইমস অব ইসারাইল দুজনের মৃত্যুর খবর দিয়েছে এবং ইরানি মিসাইলে বিধ্বস্ত অনেকগুলো স্থাপনার ছবি প্রকাশ করেছে। এছাড়া ইসরাইলের অন্য গণমাধ্যমগুলোতেও তেল আবিব ও জেরুসালেমে ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। বেশ কিছু বহুতল ভবন মাটির সাথে মিশে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ইসরাইলি নাগরিকদের আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে দেখা গেছে। একটি স্পটে ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহ করতে রিপোর্টারকে বাধা দেয়া হচ্ছে এমন ভিডিও দেখা গেছে।




