ইরানের শীর্ষ তিন কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের শীর্ষ তিন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের রাতভর চালানো আকস্মিক হামলায় ইরানের তিন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর আলজাজিরার।

পোস্টে তারা ‘নিহত’ কমান্ডারদের নাম উল্লেখও করেছেন। তারা হলেন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কমান্ডার হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ।

সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইলি বিমান বাহিনীর ২০০টিরও বেশি যুদ্ধবিমান ইরানজুড়ে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

শুক্রবার (১৩ জুন) ভোরে তেহেরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরাইলের হামলা চালিয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে।

ইসরাইলের এই হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরানের তাসনিম সংবাদ সংস্থার মতে, ইসরাইলি হামলায় আহত কমপক্ষে ৫০ জনকে তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা তাজরিশের চামরান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সংবাদসংস্থা তাসনিমের মতে, আহতদের মধ্যে ৩৫ নারী ও শিশু রয়েছেন।

এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনী ইহুদিবাদী সরকারকে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘এই অপরাধের জন্য ইহুদিবাদী সরকার নিজেদের জন্য একটি তিক্ত ও বেদনাদায়ক পরিণতি ডেকে এনেছে, যা তারা অবশ্যই দেখতে পাবে।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top