গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নছিমন উল্টে তামিম খান (১৮) নামে এক যুবক নিহত ও আরো চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর শিহিপাশা কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম খান আগৈলঝাড়ার প্রবাসী ওয়াসিম খানের ছেলে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সমীর জানান, বৃহস্পতিবার দুপুরে বন্ধুরা মিলে নছিমনে চড়ে ঘুড়তে বের হয়। উত্তর শিহিপাশা কমিউনিটি ক্লিনিকের সামনের সড়কে পৌঁছালে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় স্থানীয়রা নছিমনে থাকা তামিম খান (১৮), মেহেদী মারামাত (১৭), রহমান হাওলাদার (১৮), ফরহাদ হাওলাদার (১৮), নাজমুল হোসেন খানকে (১৯) আহত অবস্থায় উদ্ধার করে।
উপজেলার গৈলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সবুজ রায় আহত তামিমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নাজমুল হোসেন খানকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




