ইসরাইলি সরকারে অস্থিরতা

বরিশাল জার্নাল ডেস্ক

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরিকল্পনা আঁচ করতে না পারার ব্যর্থতার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নেতানিয়াহুর সরকার। তবে এই ঘটনায় দেশটিতে শুরু হয়েছে অস্থিরতা।

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, প্রথমবারের মতো দেশটির ইতিহাসে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধানকে বরখাস্তের নজির তৈরি হলো। আগামী ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে তাঁকে। তবে মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সরকার যদি আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে তবে দেশজুড়ে ধর্মঘটের হুমকি দিয়েছে ইসরাইলের প্রধান শ্রমিক সংগঠন ও ব্যবসায়ী ফোরাম।

মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন না রোনেন বার। তবে তিনি মন্ত্রীদের উদ্দেশে কড়া ভাষায় একটি চিঠি লিখেছেন। লিখেছেন, তিনি এই বৈঠকে উপস্থিত থাকছেন না, কারণ যে প্রক্রিয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হচ্ছে তা আইনসিদ্ধ মনে করেন না। পাশাপাশি তিনি বলেন, পদ থেকে তাঁকে অপসারণ একটি সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত, যেখানে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। কারণ তাঁর পদ প্রশাসনের শীর্ষ পর্যায়ের।

চিঠিতে তিনি অভিযোগ করেছেন, হামাসের পরিকল্পনা জেনেও চুপ ছিলেন বলে তাঁকে যে অপবাদ দেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তা সম্পূর্ণ ভিত্তিহীন। শিন বেত প্রধানের চিঠিতে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়েও বিস্ফোরক তথ্য দেওয়া হয়েছে।

চিঠিতে রোনেন লিখেছেন, নেতানিয়াহু আমাকে যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা করতে কায়রোতে পাঠাতে চেয়েছিলেন। শর্ত ছিল- আমি আলোচনা করব ঠিকই, কিন্তু কৌশলে যুদ্ধবিরতি চুক্তি না করেই ফিরে আসতে হবে আমাকে। আলোচনা শুরুর এক মাস আগে আমাকে সরিয়ে দিয়ে নিজের ঘনিষ্ঠ এক সহযোগীকে সেই দায়িত্ব দেওয়া হয়, যাতে নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে পারেন। নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেন।’

নিরাপত্তাপ্রধানের এই বরখাস্তকে ঘিরে ইসরায়েলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই পদক্ষেপের তুমুল সমালোচনা ও নিন্দা করছেন নেতানিয়াহুর বিরোধীরা। যুদ্ধবিরতি ইস্যুতে তাঁর বক্তব্য উসকে দিয়েছে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিভিন্ন স্থানে জড়ো হয়েছে লাখ লাখ ইসরায়েলি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top