মোঃ হানিফ সরদার গৌরনদী (বরিশাল)
বরিশালের উজিরপুর উপজেলা দৈনিক দেশ রূপান্তর ও আজকের পরিবর্তন পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চুকে বিএনপি নেতা কর্তৃক ষড়যন্ত্রমূলকভাবে বিস্ফোরক মামলায় আসামি করার প্রতিবাদে ও মামলা থেকে দ্রুত অব্যাহতি দেয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে তিন উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সভায় গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কো-আহবায়ক জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি ডা. মাহবুবুর রহমান, প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুরের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা অনতিবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে অব্যাহতি দেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, উজিরপুরের সোনারবাংলা নামক এলাকার একটি বাগান থেকে গত ১৮ ফেব্রুয়ারি পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল ও দুইটি পেট্রোল বোমা সদৃশ্য বোতল উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করার কথা থাকলেও রহস্যজনক কারণে বামরাইল ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সবুজ হাওলাদার বাদি হয়ে ৭৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ব্যবসায়ী, দিনমজুরসহ সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চুকে আসামি করা হয়েছে। অথচ মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের সম্পর্কে বাদি সবুজ হাওলাদাররে কাছে জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি বিএনপির সিনিয়র নেতাদের চাঁপে মামলার বাদি হয়েছেন বলেও দাবি করেন।




