এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা) : ভোলার সিনিয়র সাংবাদিক ও দৈনিক আমার দেশ ভোলা জেলা প্রতিনিধি ইউনুস শরীফের উপরে ইসলামি আন্দোলন ও তাবলিগ জামাতের যুবায়েরপন্থীদের হামলার ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে ভোলা সদর রোডের বরিশাল দালানের সামনে এই ঘটনা ঘটে।
সাংবাদিক ইউনুছ শরীফ জানান, বরিশাল দালানের সামনে মূল সড়ক এবং ফুটপাত জুড়ে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন ও যুবায়েরপন্থী তাবলীগ গ্রুপ। এই সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করতে ফুটপাত দিয়ে যাওয়ার সময় ও রাস্তায় আটকে থাকা ১৫ থেকে ২০ জন নারীদের যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের পথ ছেড়ে দিতে বললে তারা ক্ষেপে গিয় এক পর্যায়ে তাদের হাতে থাকা পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন ।
ভোলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সাংবাদিক ইউনুছ শরীফের মাথায় ৬ টি সেলাই করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।
বিভিন্ন মহলের নিন্দা
এদিকে সাংবাদিক ইউনুছ শরীফের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন সিনিয়র সাংবাদিক নজরুল হক অনু, ভোলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও বাসস প্রতিনিধি আল-আমীন শাহরিয়ার, একুশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দিন শিপু, দৈনিক যায় যায় দিনের ভোলা প্রতিনিধি মাকসুদুর রহমান, দৈনিক আমার দেশের চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি ও চরফ্যাশন প্রেসক্লাবের সহসভাপতি এম লোকমান হোসেন, আমার দেশের লালমোহন উপজেলা প্রতিনিধি মাহাবুব আলম, আমার দেশের দৌলতখানা প্রতিনিধি আবুল খায়ের, আমার দেশের তজুমদ্দিন প্রতিনিধি এরশাদ সোহেল, বোরহান উদ্দিন প্রতিনিধি ফয়সাল আহমেদ, মনুপুরা প্রতিনিধি ওহিদুর রহমান প্রমুখ। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার দেশ প্রতিনিধি ইউনুছ শরীফের হামলার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন শত শত বিভিন্ন পেশার মানুষ।
তারা হামলায় জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী করেন।




