শফিকুল ইসলাম, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এই সভার আয়োজন করা হয়।
স্মরণসভায় গণঅভ্যুত্থানে শহিদদের পরিবার ও আহত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বীরত্বপূর্ণ কাজের জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পাশাপাশি শহিদদের জন্য বিশেষ দোয়া করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারীগণ এ সময় তাদের অভিজ্ঞতা সবার মাঝে উপস্থাপন করেন।
এ অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের পাশাপাশি বাকেরগঞ্জ সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খানের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান, ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব নাছির হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী আন্দোলনের সভাপতি নাছির উদ্দিন রোকন ডাকুয়া, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মানিকসহ সাংবাদিকবৃন্দ, আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মরণসভায় নিহত ও আহত পরিবারের খোঁজখবর নেয়া হয় এবং গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগীতার আশ্বাস দেয়া হয়।




