বাকেরগঞ্জের দাড়িয়ালে হোসনে আরা হামিদ ফাউন্ডেশনের ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু

কামারখালী (বাকেরগঞ্জ) প্রতিনিধি

বাকেরগঞ্জের দাড়িয়ালে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে হোসনে আরা হামিদ ফাউন্ডেশন। উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো দাড়িয়ালেও প্রকল্পের আওতায় স্বল্প আয়ের মানুষদের মাঝে প্রতি মাসে একবার করে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয় করা হবে।

কার্যক্রমের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন। এই ফাউন্ডেশন থেকে ন্যায্য মূল্যে পণ্য পেতে হলে প্রকল্পের সদস্য হতে হবে। সদস্য হলে প্রত্যেককে একটি সদস্য কার্ড প্রদান করা হয়। কার্ড ছাড়া কেউ ন্যায্য মূল্যে পণ্য নিতে পারবেন না।

কার্যক্রমের আওতায় প্রতিটি সদস্য কার্ডের বিপরীতে প্রথম দফায় ২৬০ টাকার বিনিময়ে ১টি বেলীফুল তেল, ১ কেজি আটা, আধা কেজি ডিটারজেন্ট পাউডার ও একটি ডিশওয়াশ বার (সাবান) দেয়া হচ্ছে, যার বর্তমান বাজার মূল্য ৩৫৫ টাকা। পরবর্তীতে প্রতি মাসে একবার করে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় করা হবে।

কার্যক্রমটি বেশ সাড়া ফেলেছে দাড়িয়ালের স্থানীয়দের মাঝে। পণ্য নিতে আসা আব্দুর রহিম বলেন, বর্তমানে বাজার দর অনেক বেশি। এত দাম দিয়ে বাজার করা আমাদের জন্য খুবই কষ্টকর। এই সংস্থার মাধ্যমে বাজারের চেয়ে অনেক কমে মালামাল পাচ্ছি। যা আমার জন্য খুবই উপকারী হবে। তিনি বলেন, আশা করি সংস্থাটি এই কার্যক্রম নিয়মিত চালু রাখবে।

নভেম্বরের শুরু থেকে এই প্রকল্পের আওতায় দাড়িয়ালে সদস্য সংগ্রহ করা শুরু হয়। প্রথম দুই সপ্তাহে ছয়শোর বেশি পরিবার থেকে এক হাজার দুইশো জনের বেশি লোক সদস্য হয়েছেন। দাড়িয়ালে মোট সাড়ে চার হাজার সদস্য সংগ্রহ করা হবে বলে জানান প্রকল্পের উদ্যোক্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top