মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দকে জড়িয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। শুক্রবার বেলা ১১টায় উপজেলার সুবিদখালী বন্দরে নান্নু শপিং কমপ্লেক্সে বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৭ নভেম্বর রাতে যৌথবাহিনীর অভিযানে আমার স্নেহস্পদ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী একটি অবৈধ পিস্তল ও গুলিসহ আটক হয়। এ ব্যাপারে আমিসহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মী মর্মাহত ও ব্যথিত এবং নেতাকর্মীদের জাহাঙ্গীর হোসেন ফরাজির পরিবারের পাশে দাঁড়াবার নির্দেশ দেই। অথচ ১০ নভেম্বর মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীর স্ত্রী সুরাইয়া আক্তার অনু হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আমাকে এবং উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদেরকে জড়িয়ে সংবাদ পরিবেশনে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি বিষ্মিত ও ব্যথিত হয়েছে।
তিনি বলেন, দেশ পরিচালনার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশের স্বনামধন্য সেনাবাহিনী অভিযান পরিচালনা করছেন। এসব ব্যাপারে আমার মত একজন নগণ্য ব্যক্তির জানার কথা নয়। অথচ আমাদেরকে দোষী সাবস্ত করে জাহাঙ্গীর হোসেন ফরাজির স্ত্রীর সংবাদ সম্মেলনে আমার পরিবারের সম্মানহানি ও উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের পরিচ্ছন্নতা ও সুনামের উপর আঘাত হানার অপচেষ্টা করা হয়েছে যেটা কাম্য নয়। মির্জাগঞ্জ উপজেলা বিএনপি তার পরিবারের প্রতি সহানুভূতিশীল আছি এবং থাকবো। আপনাদের কলম যোদ্ধাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই উপজেলা বিএনপি সুনামের সহিত চলছে।
সংবাদ সম্মেলনে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল্লাহ পিন্টু শিকদার, উপজেলা সহ-সভাপতি মোঃ ফারুকক মুন্সী, মোঃ আইয়ুব খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক এইচএম শামীম সহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ নভেম্বর রাতে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীর বাসভবনে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন সহ তাকে আটক করে।




