হামাসপ্রধানকে হত্যার দাবি ইসরাইলের

বরিশাল জার্নাল ডেস্ক

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর কথা ঘোষণা করেছে ইসরাইলের সরকার ও সামরিক বাহিনী। দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বিধ্বস্ত ভবনে ইসরাইলি হামলায় তার মৃত্যু হয় বলে দাবি করেছে তারা। তবে শুক্রবার সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।

তবে ইসরাইল দাবি করেছে তারা ডিএনএ পরীক্ষা ও আরো কিছু তথ্যপ্রমাণ নিশ্চিত হওয়ার পর সিনওয়ারের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে। যুদ্ধের মাঝখানে হামাস প্রধান হিসেবে দায়িত্ব পেলেও সিনওয়ার গাজা উপত্যকাতেই ছিলেন। ইসরাইল তাকে গাজা ছেড়ে যাওয়ার প্রস্তাব দিলেও রাজি হননি এই যোদ্ধা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা শিন বেতের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছে, বুধবার দক্ষিণ গাজার রাফাহ শহরে সেনাদের হামলায় নিহত হন হামাস প্রধান। তবে এটি তাকে লক্ষ্য করে কোন বিশেষ অভিযান ছিলো না। ইসরাইলি সেনাবাহিনী জানায়, একটি বিধ্বস্ত বাড়িতে কয়েকজন যোদ্ধারা উপস্থিতি টের পেয়ে ইসরাইল সেখানে হামলা চালায়। আরো কয়েক দফা হামলা চালানোর পর বৃহস্পতিবার সকালে বাড়িতে প্রবেশ করে সেনারা। চেহারা দেখে তারা ধারণা করে নিহতদের একজন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার হতে পারেন।

এরপর লাশের ডিএনএ নমুন সংগ্রহ করে ইসরাইলি রেকর্ডের সাথে মিলিয়ে তারা নিশ্চিত হয় এবং সরকারিভাবে সিনওয়ারকে হত্যার কথা ঘোষণা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top