আজ মধ্যরাত থেকে মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:

আজ মধ্যরাত অর্থাৎ ১৩ অক্টোবর রোববার থেকে শুরু হচ্ছে মা ইলিশের প্রজননের জন্য মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে মৎস্য বিভাগের সময়োপযোগী এমন সিদ্বান্তে বাড়ছে ইলিশের উৎপাদন। তবে এ সময় প্রকৃত ইলিশ-জেলেদের জন্য প্রণোদনা বাড়ানোর দাবি উপকূলীয় জেলেদের।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের অবরোধ চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। আজ শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হচ্ছে এই নিষেধাজ্ঞা। এসময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণসহ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং একইসাথে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হবে। আইন অমান্যকারীকে এক থেকে সর্বোচ্চ দুই বছরের জেল অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের এমন সিদ্বান্তে খুশি জেলেরা। ২২ দিনের এমন কর্মহীন সময়ে জেলেদের জন্য দেয়া হচ্ছে প্রণোদনা। তবে প্রণোদনা বাড়ানোসহ নির্ধারিত সময়েই তা প্রকৃত ইলিশ শিকারীদের মাঝে বিতরণের দাবি জেলেদের।

মেঘনা নদীর উপকূলীয় উপজেলা বরিশাল জেলার হিজলা উপজেলা জেলে শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ খলিলুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ করা গেলে বাড়বে মাছের উৎপাদন। যার সুফল ভোগ করবে জেলেসহ ব্যবসায়ীরা। জেলেরা বিষয়টি বুঝতে পারায় কেউই এখন আর অবরোধকালীন সময়ে মাছ শিকার করতে যায় না। তবে এসময়ে জেলেদের যে সহায়তা দেয়া হয় তা খুবই নগন্য। তাই জেলেদের সহায়তা বাড়ানো উচিত বলে তিনি মনে করেন। এছাড়াও বিগত স্বৈরাচারী সরকারের আমলে প্রকৃত জেলেদের বাদ দিয়ে দলীয় লোকদের জেলে কার্ড দেওয়া হয়েছিল সেগুলো যাচাই-বাছাই করে প্রকৃত জেলেরা যাতে সঠিক সময়ে প্রণোদনা পায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের আহবান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top