হিজবুল্লাহপ্রধান নিহতের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ-সংঘর্ষ

বরিশাল জার্নাল ডেস্ক

ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহর নিহতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধের রাজধানী করাচিতে। রোববারের সেই বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি-সংঘর্ষও হয়েছে।

করাচি পুলিশের উপ মহাপরিদর্শক আসাদ রেজা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, শনিবার হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর কিছুক্ষণ পর রোববার করাচিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট কার্যালয় ঘেরাও কর্মসূচির ডাক দেয় পাকিস্তানের শিয়া মুসলিমদের রাজনৈতিক দল মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিন। হিজবুল্লার মতো এই রাজনৈতিক দলটিও ইরানের সমর্থনপুষ্ট।

ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ। তাদের অনেকের হাতেই নাসরুল্লার ছবির পোস্টার ছিল। ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ স্লোগান দিতে দিতে তারা কনস্যুলেট কার্যালয়ের দিকে এগোতে শুরু করেন।

কর্মসূচি শুরুর কিছুক্ষণ পর পুলিশ তাতে বাধা দেয়ে এবং সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পাল্টা জবাব দিতে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়া শুরু করে মজলিশ ওয়াহাদাতুল মুসলিমিনের কর্মী-সমর্থকরাও।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা করা হয়েছেয়ে বলে জানিয়েছেন আসাদ রেজা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top