সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ নেই

সমবায় ব্যাংকের ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তিনি বলেন, ‘সমবায় ব্যাংকের বহু সম্পত্তি বেদখল হয়ে আছে। যারা একসময় ব্যাংকে ছিলেন, তারাই এসব সম্পত্তি বেদখল করে বসে আছেন। এঁদের বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আমি দায়িত্ব নেয়ার পর কোথায় কী অবস্থা রয়েছে, সবগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। সমবায় ব্যাংকের অবস্থা দেখতে গিয়ে জানলাম ১২ হাজার ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত করে কমিটি গঠন করা হয়েছে। যারাই এ ঘটনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার কোটবাড়ীতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি মিলনায়তনে আয়োজিত বার্ষিক পরিকল্পনা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি দুই দিনব্যাপী বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন করেন। নিজ মন্ত্রণালয়ের সমবায় বিভাগ নিয়ে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘সমবায় দাঁড়াতে পারছে না, কারণ সমবায়ীদের মধ্যে সমবায়ের মনমানসিকতার অভাব রয়েছে। সমবায়ের সাথে যারা আছেন, তারা শুধু কমিটি আর দায়িত্বে আসা নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু সমবায়ের কল্যাণে কোনো কাজ হচ্ছে না। সমবায়ীরা শুধু কমিটিতে ঢুকতে চান। কিন্তু সমবায়ের কী উন্নয়ন হলো, সেটির দিকে তাদের লক্ষ্য নেই। এ ক্ষেত্রে ব্যাপক সংস্কার দরকার রয়েছে।’

বার্ডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের স্বপ্নের বাস্তবায়িত রূপ দেখতেই বার্ডে এসেছেন বলে জানান হাসান আরিফ। তিনি জানান, আখতার হামিদ খানের দর্শন ছিল সমবায়, গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ মানুষের আর্থিক উন্নয়ন। এগুলো নিয়ে গবেষণা চলছে এবং বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top