জাতিসঙ্ঘ অকার্যকর হয়ে পড়েছে : এরদোয়ান

বরিশাল জার্নাল ডেস্ক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে বিশ্বনেতাদের চাপ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বলেন, যেসব দেশ এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদেরকে আমি এই সঙ্কটময় মূহুর্তে ইতিহাসের সঠিক পক্ষে অবস্থানের আমন্ত্রণ জানাই। আপনারা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দিন।

এরদোয়ান আরো বলেন, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে এবং ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে আর দেরি করা উচিত নয়। বক্তব্যে সঙ্ঘাত বন্ধে জাতিসঙ্ঘের ভুমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাতিসঙ্ঘ তার মৌলিক দায়িত্ব পালন না করে ক্রমশ একটি অদক্ষ ও অকার্যকর সংগঠনে পরিণত হয়েছে। আর ইসরাইলের অব্যাহত হামলায় গাজা উপত্যকা নারী ও শিশুদের সবচেয়ে বড় কবরস্তানে পরিণত হয়েছে।

টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, এরদোয়ান এদিন তার বক্তব্যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কঠোর সমালোচনা করেন। যুদ্ধক্ষেত্রে সাংবাদিক নিহত এবং গণমাধ্যমের অফিস বন্ধ করে দেয়া সত্ত্বেও তারা কেন চুপ করে আছে সেটি জানতে চান তিনি।

ইসরাইলি দখলদারিত্বের সমালোচনা করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি প্রশাসন অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, প্রকাশ্যে একটি জাতির বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে এবং ধীরে ধীরে তাদের জমি দখল করছে। এই দখলদারিত্বে বিরুদ্ধে ফিলিস্তিনিরা প্রতিরোধের বৈধ অধিকার চর্চা করছে।

গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরাইল, যুক্তরাষ্ট্র ও জাতিসঙ্ঘের ভুমিকার কঠোর সমালোচনা করে আসছেন তুরস্কের প্রেসিডেন্ট। নেতানিয়াহুকে তিনি হিটলারের সাথে তুলনা করেছেন অনেকবার। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবেও আখ্যায়িত করেছেন। মঙ্গলবার জাতিসঙ্ঘে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, ৭০ বছর আগে মানবতার জোট যেভাবে হিটলারকে থামিয়েছে একইভাবে নেতানিয়াহু ও তার খুনি নেটওয়ার্ককেও থামাতে হবে।

এরদোয়ান নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে বলেন, গাজায় শুধু শিশুরা মারা যাচ্ছে না, জাতিসঙ্ঘও সেখানে মারা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top