যেভাবে হিজবুল্লাহর পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরাইল

বরিশাল জার্নাল ডেস্ক

হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে ইসরায়েলই পেজার যন্ত্রের ভেতর বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। মঙ্গলবার বিস্ফোরণ ঘটানোর মধ্য দিয়ে অভিযানটি চালিয়েছে তারা। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন কয়েকজন মার্কিন ও অন্য দেশের কর্মকর্তা।

লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। মঙ্গলবার দেশটির বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। পেজার এক ধরনের ছোট যন্ত্র, যা সাধারণত হিজবুল্লাহ সদস্যদের কাছে সংগঠনটির পক্ষ থেকে কোন বার্তা প্রেরণের জন্য ব্যবহৃত হয়। এটি তারবিহীন টেক্সট মেসেজ রিসিভ ও ডিসপ্লে যন্ত্র, যার মাধ্যমে টেলিফোন কল করা যায় না। হিজবুল্লাহ সদস্যরা ইসরাইলি লোকেশন-ট্র্যাকিং এড়ানোর চেষ্টায় নিম্নমানের যোগাযোগ প্রযুক্তি হিসেবে পেজার ব্যবহার করে।

এই ডিভাইসে ইন্টারনেটের বদলে রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে বার্তা আদানপ্রদান করা হতো। এক বা একাধিক অপারেটর পুরো নেটওয়ার্কটি দেখভাল করতেন। ইসরাইল কিভাবে এই নেটওয়ার্কে প্রবেশ করে ডিভাইসগুলোতে বিস্ফোরণ ঘটিয়েছে তা স্পষ্ট নয়। জানা যায়, বিস্ফোরণের আগে ডিভাইসগুলো খুব বেশি গরম হয়ে উঠেছিল।

কয়েকজন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে পেজারগুলো কিনেছিল হিজবুল্লাহ। তবে লেবাননে পৌঁছানোর আগেই সেগুলোতে গড়বড় করে দেওয়া হয়েছিল। পেজারগুলোর বেশির ভাগই ছিল কোম্পানির এপি-৯২৪ মডেলের। তবে গোল্ড অ্যাপোলোর আরও তিনটি মডেলের পেজারও ওই চালানে ছিল।

ওই কর্মকর্তাদের দুজন বলেন, প্রতিটি পেজারের ব্যাটারির পাশে এক থেকে দুই আউন্স পরিমাণ বিস্ফোরক রেখে দেওয়া হয়েছিল। দূর থেকে যেন তা বিস্ফোরিত করা যায়, তা নিশ্চিত করতে সেখানে একটি সুইচও লাগিয়ে দেওয়া হয়।

দুই কর্মকর্তা বলেন, লেবাননের স্থানীয় সময় বেলা ৩টা ৩০ মিনিটের দিকে পেজারগুলোয় একটি বার্তা এসেছিল। দেখে মনে হচ্ছিল, বার্তাটি হিজবুল্লাহর নেতার কাছ থেকে এসেছে। আসলে ওই বার্তা বিস্ফোরকগুলোকে সক্রিয় করে তুলেছিল।

তিনজন কর্মকর্তার মতে, বিস্ফোরণের আগে কয়েক সেকেন্ডের জন্য যন্ত্রগুলোয় যেন সংকেত বেজে ওঠে, সে রকম করে তা ঠিক করা হয়েছিল।

হামলার ফুটেজ খতিয়ে দেখে সাইবার নিরাপত্তাবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, বিস্ফোরক উপকরণের কারণেই যে ওই বিস্ফোরণ হয়েছে, তা নিশ্চিত।
সফটওয়্যার কোম্পানি উইথসিকিউরের গবেষণা বিশেষজ্ঞ এবং ইউরোপোলের সাইবার অপরাধবিষয়ক উপদেষ্টা মিকো হাইপোনেন বলেন, ‘এ ধরনের বিস্ফোরণ ঘটানোর জন্য এই পেজারগুলোয় সম্ভবত কোনো উপায়ে পরিবর্তন আনা হয়েছিল। বিস্ফোরণের আকার এবং শক্তি ইঙ্গিত দিচ্ছে যে এটি কেবল ব্যাটারিজনিত বিস্ফোরণ ছিল না।’

একাধিক কর্মকর্তা বলেছেন, তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে তিন হাজারেরও বেশি পেজার কেনা হয়েছিল। হিজবুল্লাহ পুরো লেবাননে তাদের সদস্যদের কাছে পেজারগুলো বিতরণ করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top