বরিশাল জার্নাল ডেস্ক
ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চোরকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার হওয়া ব্যাটারি স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে পাওয়ায় চুরির সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন উঠেছে।
জানা গেছে, গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ সার্ভিসিংয়ের জন্য স্থানীয় সেকান্দারের গ্যারেজে দেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ করেন।
পরবর্তী সময়ে পুলিশ ব্যাটারি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক সেকান্দার নিজ উদ্যোগে গোপনে অনুসন্ধান চালান। একপর্যায়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আল আমিনের কাছে চুরি হওয়া ব্যাটারিটি খুঁজে পান বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিনকে থানায় নেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সুযোগ করে দেওয়ায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচায় জড়িতদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাঙারি ব্যবসায়ী আল আমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এশিয়া পোস্ট




