উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জিব্রান কাদির, উজিরপুর (বরিশাল):

বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আ. রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করছিলেন আ. রহিম হাওলাদার। এ সময় বৈদ্যুতিক হোল্ডারে প্লাগ সংযুক্ত করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top