নতুন কমিটি ঘোষণা করায় বরিশাল মহানগর যুবদলের আনন্দ মিছিল

বরিশাল জার্নাল ডেস্ক

দীর্ঘ প্রায় এক দশক পর মহানগর যুবদলের কমিটি ঘোষণা করায় বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় নেতদের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানগর যুবদলের উদ্যোগে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটির সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না।

এ সময় মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান তৌহিদ, সহসভাপতি শহীদ হাসান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খন্দকার, সাংগঠনিক সম্পাদক মুশফিক রহমান অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া আনন্দ মিছিলটি সদর রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সভা করে মহানগর যুবদল।

মহানগর যুবদলের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ বলেন, দীর্ঘ ৯ বছর প্রতীক্ষার পর বরিশাল মহানগর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি হওয়ায় মহানগর যুবদলের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে।

তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের যেই দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করবো। একটি দলের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

অন্যদিকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান মুন্না বলেন, বরিশাল মহানগর যুবদলের কমিটি ঘোষণা হওয়ায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উদ্দীপনা বিরাজ করছে। তবে একটি সন্ত্রাসী দলের দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করতে পারিনি।

তিনি বলেন, আজকের এই মিছিলের মাধ্যমে আমাদের বার্তা স্পষ্ট-কেন্দ্রীয় যুবদল ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের যুবদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যে নির্দেশনা দিয়েছেন আমরা সেই নির্দেশনা মোতাবেক পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রাজপথে থাকবো।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর বরিশাল মহানগর, জেলা (উত্তর ও দক্ষিণ) এর আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। তাদেরকে কমিটি ঘোষণার ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top