গোপালগঞ্জে ডাকসু নেতা মোসাদ্দেকের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর

বরিশাল জার্নাল ডেস্ক

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুকসুদপুরের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ফারুক খানের নির্দেশনা রয়েছে বলে অভিযোগ করেন মোসাদ্দিক। তিনি বলেছেন, আমার বাড়িতে হামলার ঘটনাটি সাবেক সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে একদল আওয়ামী লীগের সন্ত্রাসী তার গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুনে বাড়ির একাংশ পুড়ে গেছে বলে জানায় স্থানীয়রা।

এদিকে, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ফের তার বাড়িতে হামলা চালানো হয়। তবে ঘটনার আগে পরিবারের সদস্যরা অন্যত্র সরে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

ডাকসু নেতা মোসাদ্দেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল রাতে আগুন দেওয়ার পর আজ সকালেও বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। তবে তার পরিবারের সদস্যরা নিরাপদ রয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া হামলার সময় প্রচণ্ড বৃষ্টি থাকায় তুলনামূলক কম ভাঙচুরের সুযোগ পেয়েছে হামলাকারীরা, জানান ডাকসুর নেতা।

তাছাড়া, ফেসবুকে এক স্ট্যাটাসে মোসাদ্দেক লেখেন, আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।

ডাকসু ভিপি সাদিক কায়েম এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেছেন, ডাকসুর সাহিত্য সম্পাদক ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট লীগের সন্ত্রাসীরা। গতকাল গভীর রাতে মুসাদ্দিকের ফুফুর বাড়িতেও কাপুরুষের মতো আগুন দিয়েছে এই সন্ত্রাসী বাহিনী।

তিনি বলেন, আগস্টে পালিয়ে যাওয়া দেশের শত্রুরা আবারও নতুন হিংস্রতা নিয়ে ফিরে এসেছে। চোরাগোপ্তা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে তারা। এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মুকসুদপুর থানায় হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার ভেতরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। বেলা সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন দলটি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে তারা থানার ভেতরে ঢুকে ব্যাপক হামলা ও ভাঙচুর চালান। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

অগ্নিকাণ্ডে থানার ভেতরের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top