পটুয়াখালীতে উদ্ধার করা সাপের ডিম থেকে ফোটানো হলো ১৩ বাচ্চা, প্রকৃতিতে অবমুক্ত

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর গলাচিপায় উদ্ধার করা সাপের ডিম থেকে কৃত্রিম উপায়ে ফোটানো ১৩টি সাপের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে দারাস সাপের বাচ্চাগুলো অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

জানা গেছে, প্রায় দুই মাস আগে উপজেলার চরকাজল ইউনিয়নের চরকাজল গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী-এর স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ দুটি সাপ উদ্ধার করেন। এর মধ্যে একটি পদ্মগোখরা ও অন্যটি দারাস সাপ। উদ্ধারের পর সাপ দুটির গর্ভে ডিম দেখতে পান ওই স্বেচ্ছাসেবকরা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় সাপ দুটিকে পরিচর্যা এবং বিশেষ ব্যবস্থায় ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেন তারা।

স্বেচ্ছাসেবকদের তথ্য অনুযায়ী, পদ্মগোখরার ২০টি এবং দারাস সাপের ৮টি ডিম প্রায় দুই মাস ধরে বিশেষ পরিচর্যায় তা দেওয়া হয়। এতে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা জন্ম নেয়। ডিম থেকে ফোটার পর বাচ্চাগুলোকে এক সপ্তাহ নিজেদের তত্ত্বাবধানে পরিচর্যা করে সোমবার উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

এর মধ্যে তিনটি দারাস সাপের বাচ্চা সদর ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়। অন্যদিকে, ১০টি বিষধর পদ্মগোখরার বাচ্চা নিরাপদ আশ্রয়ের জন্য ম্যানগ্রোভ বনে অবমুক্ত করতে নিয়ে যায় বন বিভাগ।

স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করি। এ ধরনের কাজ নিয়মিতই করা হয়। দারাস সাপ নির্বিষ হওয়ায় সেগুলোকে লোকালয়ের উপযোগী নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। আর বিষধর পদ্মগোখরার বাচ্চাগুলো ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top