পটুয়াখালীতে দুই সাংবাদিকের ওপর হামলা

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালী পৌরসভার সামনে দুই সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুই সাংবাদিক বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ব্যক্তিরা হলেন দৈনিক কালবেলার পটুয়াখালী জেলা প্রতিনিধি দেবনাথ এবং দৈনিক আজকের খবরের ইয়াহিয়া শাকুর।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হাসান মোল্লা পৌরভবনের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই পথ দিয়ে যাচ্ছিলেন দুই সাংবাদিক। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি থেকে হামলার ঘটনা ঘটে।

রাজীব দেবনাথের দাবি, মাদক নিয়ে প্রতিবেদন তৈরির জন্য গত ৩১ অক্টোবর তিনি কিছু ভিডিও ধারণ করেন। ওই ফুটেজে হাসান মোল্লাও ছিলেন। এ নিয়ে সেদিন হাসান তার ওপর হামলা চালান। এ ঘটনায় তিনি থানায় অভিযোগও করেছিলেন। শনিবার হাসানকে দেখতে পেয়ে পুলিশে দেওয়ার জন্য তাকে জাপটে ধরেন রাজীব। তখন হাসানের ভাই রমজান দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন।

রাজীব আরও বলেন, হামলার আশঙ্কার কথা জানিয়ে ঘটনার আগে তিনি পুলিশকে ফোন করেছিলেন। তবে পুলিশ সময়মতো ঘটনাস্থলে আসেনি। হামলাকারীরা তাদের আহত অবস্থায় ফেলে চলে যাওয়ার পর সহকর্মী ও স্থানীয় লোকজন ৯৯৯-এ ফোন করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আসাদুজ্জামান রাজীব বলেন, তাদের একজনের মাথা, হাত ও পায়ে ভারী বস্তুর আঘাতে গভীর ক্ষত হয়েছে। অপরজনের হাতে সামান্য আঘাত রয়েছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে বলেন, হামলার আশঙ্কার কথা জানার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই আহত দুই সাংবাদিক হাসপাতালে চলে যান। পরে পুলিশ হাসপাতালে গিয়ে তাদের সঙ্গে কথা বলে। ওসি আরও বলেন, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এর আগেও দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা স্ট্রিম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top