আমিরকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মানতেন শাহরুখ!

বরিশাল জার্নাল ডেস্ক

বাদশাহ শাহরুখ খানের বলিউডে শুরুটা মোটেও ভালো ছিল না। কিন্তু আজ তিনি বিশ্বজুড়ে পরিচিত, কোটি কোটি ভক্তের প্রিয় তারকা। অথচ তার ক্যারিয়ারের শুরুতে নিজের অভিনয় দেখে তিনি সন্তুষ্ট হতে পারেননি। এমনকি প্রথম সিনেমা ‘দিওয়ানা’ দেখে নিজের অভিনয়কে  বলেছিলেন ‘ভয়াবহ, উচ্চকণ্ঠ ও নিয়ন্ত্রণহীন’। শুধু তা-ই নয়, একসময় ৩০ বছর বয়সেই অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এ বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের অভিনয় দেখে তিনি নিজেই অবাক হয়েছিলেন।

শাহরুখ খান বলেন, ‘আমি নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক। পর্দায় নিজেকে দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। মানুষ যে আমাকে সিনেমাটিতে পছন্দ করেছে, সেটাই অবাক করার মতো। হয়তো নতুন মুখ ছিলাম বলেই তারা পছন্দ করেছে। কিন্তু এমন অভিনয় আবার করতে বা মনে রাখতে চাই না।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে সমসাময়িক অভিনেতাদের নিয়েও কথা বলেছিলেন শাহরুখ খান। আমির খানকে নিজের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী উল্লেখ করলেও তার অভিনয়ের প্রশংসা করতে দ্বিধা করেননি কিং খান।

শাহরুখ খান বলেন,  ‘আমির আমার চেয়ে অনেক ভালো অভিনেতা। এ মুহূর্তে দেশে যদি অসাধারণ কোনো অভিনেতা থাকেন, তবে তিনি আমির  খান।’

বলি বাদশাহর ৬১তম জন্মদিনে সামনে এসেছে ১৯৯২ সালে দেওয়া তার প্রথম দিকের একটি সাক্ষাৎকার। সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে সেই সাক্ষাৎকারের নানা কথা। তখন বলিউডে নতুন মুখ ছিলেন শাহরুখ খান। ‘দিওয়ানা’ সিনেমার সাফল্যে সিনেমাপ্রেমী দর্শকদের নজরে এলেও নিজের অভিনয় নিয়ে তার মনে ছিল অসন্তোষ।

সেই সাক্ষাৎকারে নিজের অভিনয়ের সমালোচনা করে শাহরুখ বলেছিলেন, ‘আমি খুব বাজে অভিনয় করেছি। অতিরিক্ত চড়া, অশোভন ও নিয়ন্ত্রণহীন ছিল আমার অভিনয়। এর পুরো দায় আমি নিচ্ছি।’

কেন এমন মনে হয়েছিল, সে কথা জানিয়ে শাহরুখ খান বলেন, সিনেমাটির শুটিংয়ের আগে তার হাতে কোনো চিত্রনাট্যও ছিল না। অন্য কিছু কাজের শুটিং বাতিল হয়ে যাওয়ায় হঠাৎ করেই ‘দিওয়ানা’র জন্য সময় দিতে হয়েছিল তাকে। তার মতে, একটি চরিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয়ের ধরন বুঝে নেওয়ার সুযোগ না থাকলে এমন ভুল হতে পারে।

তখন আমির ৩০ বছর বয়সে অভিনয় ছেড়ে পরিচালনায় আসতে চান বলে শুনেছিলেন বাদশাহ। মজার বিষয় হচ্ছে— শাহরুখ নিজেও একই বয়সে অভিনয় ছাড়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। অবশ্য সময়ের সঙ্গে বদলে গেছে সেই ভাবনা। ৩০ পেরিয়ে ৬১ বছর বয়সেও অভিনয়ে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

‘দিওয়ানা’ সিনেমাটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা ছিল সংগীত পরিচালক নদীম-শ্রবণের বলে জানিয়েছেন  শাহরুখ খান। গানগুলোর চিত্রায়ণের জন্য পরিচালক রাজ কানওয়ারেরও প্রশংসা করেছিলেন তিনি। পাশাপাশি সহশিল্পী ঋষি কাপুর, দিব্যা ভারতী, দেবেন ভার্মা ও অমরিশ পুরীর অবদানের কথা স্মরণ করেন শাহরুখ খান।

তবে নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার ছিলেন তিনি। বাদশাহ চাইতেন, দর্শক যেন শুধু সিনেমার গল্প বা গান ভালো লাগার কারণে হলে না আসেন, তার অভিনয়ের জন্যও আসেন। শাহরুখ বলেন, ‘আমি চাই মানুষ বলুক, সিনেমার গান ভালো, কিন্তু শাহরুখ আরও ভালো।’

বাদশাহ বলেন, ‘আমি চাই না আমার সিনেমার কারণে আমি সফল হই। বরং আমার কারণে সিনেমাটি সফল হোক। অন্য কেউ অভিনয় করলেও যদি সিনেমাটি হিট হয়ে যায়, তাহলে আমার অবদান কোথায়?’

তিনি বলেন, গৌরীও তাকে খুব ভালো অভিনেতা মনে করতেন না। বরং প্রায়ই বলতেন— তিনি পর্দায় অতিরিক্ত অভিনয় করেন এবং তাকে দেখতেও ভালো লাগে না। সাধারণত গৌরী তার অভিনীত সিনেমা দেখতে খুব একটা আগ্রহী হন না। তবে ‘দিওয়ানা’র ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছিল। তারপরও সিনেমাটি হলে গিয়ে দেখার সাহস তখনো করে উঠতে পারেননি তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top