আবারো বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ২০৬০

বরিশাল জার্নাল ডেস্ক

আবার বৃদ্ধি করা হয়েছে এলপিজির মূল্য। এক মাসের ব্যবধানে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) বিইআরসি পৃথক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের ঘোষণা দিয়েছে।

এতে জানানো হয়, ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ হয়েছে, যা এতদিন ১ হাজার ৮৩৭ টাকা ছিল। একই সঙ্গে মোটরযানে ব্যবহৃত অটোগ্যাসের দামও প্রতি লিটারে ৭ টাকা ৩৩ পয়সা বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে, যা পূর্বে ছিল ৮৪ টাকা ৬২ পয়সা। সোমবার রাত ৮টা থেকেই এই আদেশ কার্যকর হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুধু ১২ কেজি নয়, সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত বোতলজাত সব আকারের সিলিন্ডারের দামই বেড়েছে। নতুন মূল্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৯৪৪ টাকা, ১২.৫ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা করা হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছিল। বাজারে এলপিজির তীব্র সংকট ও বাড়তি দামের অভিযোগের মধ্যেই এক মাসের ব্যবধানে আবারও দাম বাড়াল কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top