ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা

বরিশাল জার্নাল ডেস্ক

ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর মহাপরিচালক শত্রুজিৎ কাপুর আইটিবিপির এক বার্ষিক অনুষ্ঠানে দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানান।

শত্রুজিৎ কাপুর বলেন, সীমান্তের একাধিক স্থানে দুই দেশের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থানের পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। গত জুলাইয়ে তাকসিং এলাকায় ভারতীয় সেনাদের নিয়মিত টহল পয়েন্টে চীনা সেনাদের বাধা দেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে বলেও জানান তিনি।

সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইটিবিপি প্রধান। তিনি জানান, উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেনাদের। পাশাপাশি সীমান্তের প্রতিটি ইউনিটে ড্রোন প্লাটুন মোতায়েন এবং ভূগর্ভস্থ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইটিবিপি প্রধানের বক্তব্যের পর ভারতের কেন্দ্রীয় সরকারের চীন নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল কংগ্রেস। দলটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিযোগ করেন, অরুণাচল সীমান্তে চীনা সেনাদের সঙ্গে উত্তেজনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব রয়েছেন।

চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি বৃদ্ধি, সীমান্তে নিরাপত্তা এবং অরুণাচল প্রদেশে বেইজিংয়ের বিভিন্ন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তোলেন জয়রাম রমেশ।

এর আগে ২০১৭ সালে ডোকলাম অঞ্চলে ভারত ও চীনের সেনারা দীর্ঘদিন মুখোমুখি অবস্থানে ছিল। পরবর্তী সময়ে লাদাখসহ প্রকৃত নিয়ন্ত্রণরেখার বিভিন্ন এলাকায় দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অরুণাচল সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আইটিবিপি প্রধানের বক্তব্যের পর সীমান্ত নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top