জিব্রান কাদির, উজিরপুর
মাদকমুক্ত সমাজ গঠন ও উদীয়মান তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করে মাঠমুখী করার লক্ষ্যে জার্সি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ভিশন অফ সাতলা’। ১৮ অক্টোবর (রবিবার) বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা বাজারে সংগঠনের নিজ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই এই চেতনাকে ধারণ করেই তাদের এই কার্যক্রম।
জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ভিশন অফ সাতলার সভাপতি বি. এম. সাকলাইন মুস্তাক। এছাড়া সংগঠনের পরিচালনা পর্ষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন যুগ্ম–সাধারণ সম্পাদক শুভ বাড়ৈ, কোষাধ্যক্ষ মোঃ করিম শিকদার, ক্রীড়া সম্পাদক লিমন বালী, প্রচার ও মিডিয়া সম্পাদক খান জাহান আলী এবং কার্যনির্বাহী সদস্য সুজন বাইন ও রবিউল ইসলাম বালী।
অনুষ্ঠানে স্থানীয় খেলাপ্রেমী ও সচেতন নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন এলাকার সুপরিচিত সমাজসেবক ও খেলাপ্রেমী মোঃ কিবরিয়া বিশ্বাস, নোমান বালী এবং সুমন বালী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুবসমাজকে প্রযুক্তির ক্ষতিকর আসক্তি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে ‘ভিশন অফ সাতলা’ যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের কর্মকাণ্ড তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত সুস্থ–সুন্দর সাতলা ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।




