বিশেষ প্রতিনিধি
পবিত্র কুরআনের হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও মেধা যাচাইয়ের মধ্য দিয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৩১তম হিফজুল কুরআন প্রতিযোগিতার দুমকি উপজেলা পর্যায়ের অডিশন সম্পন্ন হয়েছে। এতে মোট ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চারটি গ্রুপ থেকে ২৮ জন শিক্ষার্থীকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
লেবুখালী দারুল কুরআন ক্যাডেট একাডেমির ৫ নম্বর শাখায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আমানাতুল্লাহ।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. আব্দুল মতিন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পাঁচ পারা, দশ পারা, বিশ পারা ও ত্রিশ পারা—এই চারটি গ্রুপ নির্ধারণ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ গ্রুপে মুখস্থ করা কুরআনের নির্ধারিত অংশ থেকে তিলাওয়াত করে। এ সময় মুখস্থের দক্ষতার পাশাপাশি তাজবিদ, মাখরাজ, শুদ্ধ উচ্চারণ ও কণ্ঠস্বরসহ তিলাওয়াতের বিভিন্ন দিক মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে। উপজেলা পর্যায়ে নির্বাচিত ২৮ জন শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। পর্যায়ক্রমে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগও তৈরি হতে পারে।
পবিত্র কুরআন হিফজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা বিকাশ, শুদ্ধ তিলাওয়াতের চর্চা এবং প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্যতা তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।




