দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অকেজো ও মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ধ্বংস

জাহাঙ্গীর আলম হৃদয়

পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জমে থাকা মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী চিকিৎসা সামগ্রী এবং লিলেন সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ৩১ শয্যাবিশিষ্ট দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশের খালপাড় এলাকায় এসব সামগ্রী ধ্বংস করা হয়। জেলা সিভিল সার্জনের নির্দেশনা ও অনুমোদনক্রমে পরিচালিত এ কার্যক্রম সরেজমিনে তদারকি করেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী।

ধ্বংস করা সামগ্রীর মধ্যে রয়েছে—৯০৫টি বেডশিট, ১৮৪টি তোশক, ১৮৪টি তোশকের কভার, ২৮০টি মশারির জালি, ৮৫টি কম্বল, ৩৫২টি বালিশ, ৩৩৩টি বালিশের কভার, ৪টি পর্দা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কাজে ব্যবহৃত ১০৭টি পুরোনো ও অকেজো ভ্যাকসিন ক্যারিয়ার। এর মধ্যে বড় আকারের ৬০টি, মাঝারি আকারের ১৫টি ও ছোট আকারের ৩২টি ভ্যাকসিন ক্যারিয়ার রয়েছে।

এ বিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহিদুল হাসান শাহীন বলেন, হাসপাতালে দীর্ঘদিন ধরে জমে থাকা ব্যবহার অনুপযোগী ও মেয়াদোত্তীর্ণ সামগ্রীর কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্টোররুমে পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। সিভিল সার্জনের অনুমোদন এবং গঠিত কমিটির উপস্থিতিতে এসব সামগ্রী ধ্বংস করা হয়েছে। এতে হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি নতুন চিকিৎসা সামগ্রী সংরক্ষণের জন্য প্রয়োজনীয় জায়গাও তৈরি হবে।

তিনি আরও বলেন, রোগীদের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।

সামগ্রী ধ্বংসের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিএম এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ব্যক্তিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top