বরিশাল জার্নাল ডেস্ক
দেশের তৈরি পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএ’র নেতারা বলেন, দেশের প্রায় ৪০ লাখ শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী সরাসরি তৈরি পোশাকশিল্পের সঙ্গে যুক্ত। এ খাতের সঙ্গে প্রায় তিন হাজার উদ্যোক্তা সম্পৃক্ত রয়েছেন। দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি।
বিজিএমইএ’র পক্ষ থেকে ভবিষ্যতে তৈরি পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার সম্ভাবনার কথা তুলে ধরা হয়। তবে গ্যাস ও বিদ্যুতের সংকটসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সংগঠনটির নেতারা।
বৈঠক শেষে বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তিনি মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনেছেন এবং কিছু পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে শিল্পের সমস্যাগুলো সমাধানে সরকারের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বিরোধী দলের কাছ থেকেও দায়িত্বশীল ভূমিকা চেয়েছেন তিনি।
বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তৈরি পোশাকশিল্পের সমস্যা, সম্ভাবনা এবং করণীয় সম্পর্কে ধারণা নেওয়াই ছিল এ সভার উদ্দেশ্য।
তিনি বলেন, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্য তৈরি পোশাকশিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সমস্যা সমাধানে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদের ভেতরে ও বাইরে দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা হবে, আবার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে তার প্রতিবাদও করা হবে।
তিনি আরও বলেন, দেশের স্বার্থে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের মধ্যে প্রয়োজনীয় সহযোগিতা থাকা উচিত। জ্বালানি সংকটসহ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে জামায়াতের বিশেষজ্ঞদের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।
সভায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিশেষ গুরুত্ব পায়।
বিজিএমইএর নেতারা জানান, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে শিল্পের উৎপাদন আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিল্প ও অর্থনীতির স্বার্থে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিষয়টিও তুলে ধরা হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দল হিসেবে সংসদে জনগণের স্বার্থ তুলে ধরা এবং সরকারের ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করা তাদের দায়িত্ব।
কালবেলা




