জাকির ফরাজী, পিরোজপুর
পিরোজপুর শহরের একটি বসতঘরের শয়নকক্ষে মিলল ইয়াবা ও ভয়ংকর মাদক আইসের মজুত। পুলিশের বিশেষ অভিযানে সেখান থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধারের পাশাপাশি মো. মিরাজ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার মিরাজ শেখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নয়টি মামলার এজাহারভুক্ত আসামি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভার দক্ষিণ কৃষ্ণনগর এলাকার একটি বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই ঘরে অভিযান চালায়। এ সময় মিরাজ শেখকে আটক করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম আইস উদ্ধার করা হয়। অভিযানে এসআই কামরুল, এএসআই এফরান ও এএসআই আনিসসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
গ্রেপ্তার মিরাজ শেখ পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ ডুমুরিতলা এলাকার মৃত আবুয়াল শেখ ও মৃত হাওয়া বিবির ছেলে। রোববার সকাল ১১টায় পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, উদ্ধার করা ইয়াবা ও আইস বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। মিরাজ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট নয়টি মামলা রয়েছে। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গা ও কোতোয়ালি, মানিকগঞ্জ সদর, ঢাকা মহানগরের দারুস সালাম ও পল্টন, কক্সবাজারের টেকনাফ ও রামু এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, এসব মামলায় মিরাজ শেখকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।




