বাকেরগঞ্জে মুক্তা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে মুক্তা আক্তার হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দুধল ইউনিয়নের সরসী পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত মুক্তা আক্তারের পরিবারের সদস্য ও স্বজনদের পাশাপাশি এলাকার কয়েকশো নারী-পুরুষ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল শিকদারের বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেতে একটি ভাড়া বাসায় পরকীয়ার সন্দেহে দুই সন্তানের জননী মুক্তা আক্তারকে  নির্মমভাবে মারধর করেন তার স্বামী সোহেল শিকদার। এই নির্যাতনে মুক্তার মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।

এদিকে, মৃত্যুর আগে স্বামীর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিডিওটি দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

ঘটনার পর পুলিশ মুক্তা আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত স্বামী সোহেল শিকদারকে গ্রেপ্তার করেছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর নিহত মুক্তার নিজ এলাকা বাকেরগঞ্জের দুধল ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। মানববন্ধনে নিহতের ভাই তারেক হাওলাদারসহ পরিবারের সদস্যরা অভিযোগ করেন, মুক্তাকে পরিকল্পিতভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত সোহেল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। একই সঙ্গে প্রশাসনের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান স্থানীয় বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top