ঢাকা উত্তর থেকে দক্ষিণে ভোটার স্থানান্তর পাটওয়ারীর, মেয়র নির্বাচনই উদ্দেশ্য?

বরিশাল জার্নাল ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্থানান্তর করেছেন। তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এর আগে নাসীরুদ্দীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করেন তিনি।

এনসিপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে করা ওই আবেদনের পর নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে তা অনুমোদন দিয়েছে। এর ফলে ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এনসিপির এ নেতা।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা উত্তর সিটি থেকে দক্ষিণ সিটিতে স্থানান্তর ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। এনসিপির নেতাকর্মীদের একটি অংশের দাবি, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির পক্ষ থেকে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী করার কথা জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে। সেক্ষেত্রে আসিফ মাহমুদ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে দলটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।

এমন পরিস্থিতিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর ঢাকা দক্ষিণ সিটির ভোটার হওয়াকে অনেকেই আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে দক্ষিণ সিটি নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top