কুয়াকাটায় জেলেদের জালে বিরল সানফিশ

বরিশাল জার্নাল ডেস্ক

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। মাছটির বৈজ্ঞানিক নাম রাঞ্জানিয়া লেভিস। প্রায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের অদ্ভুত আকৃতির মাছটি মহিপুর মৎস্য বন্দরে নেওয়ার পর স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। মাছটি দেখতে সেখানে ভিড় করেন অনেকে।

আজ রবিবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে মাছটি জালে ওঠে। পরে এটি মহিপুর মৎস্য বন্দরের শাহীন এন্টারপ্রাইজের আড়তে নেওয়া হয়। তবে মাছটি কিনতে কোনো ক্রেতা আগ্রহ দেখাননি।

জেলেরা জানিয়েছেন, মাছটির আকৃতি ও গঠন প্রচলিত সামুদ্রিক মাছের তুলনায় একেবারেই আলাদা। জালে ওঠার পর তারা মাছটির পরিচয় নিশ্চিত হতে পারেননি। মাছটি বিষাক্ত হতে পারে এমন আশঙ্কায় ক্রেতারাও এটি কিনতে আগ্রহ দেখাননি।

জেলে সাইফুল জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সাগরে মাছ শিকার করলেও এমন মাছ তিনি আগে কখনো দেখেননি। তার ভাষ্য, মাছটির আকৃতি ও গঠন অন্য মাছের চেয়ে সম্পূর্ণ আলাদা।

আরেক জেলে আবদুর রব জানিয়েছেন, অন্যান্য মাছের সঙ্গে মাছটি জালেই ধরা পড়ে। বন্দরে আনার পর এটি দেখতে অনেক মানুষ ভিড় করেন। তবে মাছটি বিষাক্ত হতে পারে এমন কথা ছড়িয়ে পড়ায় কেউ কিনতে চাননি।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানিয়েছেন, মাছটির বাহ্যিক বৈশিষ্ট্য দেখে প্রাথমিকভাবে এটি স্লেন্ডার সানফিশ বলে মনে হচ্ছে। এটি সাধারণ বাণিজ্যিক সামুদ্রিক মাছ নয়। মূলত খোলা সমুদ্রের একটি মহাসাগরীয় প্রজাতি। অনেক সময় অনিচ্ছাকৃতভাবে মাছ ধরার জালে বাইক্যাচ হিসেবেও এ ধরনের মাছ ধরা পড়ে। বঙ্গোপসাগরেও এ প্রজাতির উপস্থিতির তথ্য রয়েছে।

তিনি আরও জানান, এ ধরনের মাছ তুলনামূলকভাবে কম দেখা যায়। বঙ্গোপসাগরে এমন সামুদ্রিক প্রাণীর উপস্থিতি এখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। তাই এ ধরনের মাছ ধরা পড়লে বাজারজাত না করে কোথায় ও কত গভীরতায় মাছটি ধরা পড়েছে, কী ধরনের জালে উঠেছে, এর দৈর্ঘ্য ও ওজনসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা উচিত। এসব তথ্য বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য, প্রজাতির বিস্তৃতি এবং সামুদ্রিক পরিবেশের পরিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা দিতে পারে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানিয়েছেন, বঙ্গোপসাগর জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন সময়ে জেলেদের জালে নানা ধরনের বিরল ও অল্প পরিচিত সামুদ্রিক প্রজাতি ধরা পড়ে। স্লেন্ডার সানফিশ ধরা পড়ার ঘটনাটিও সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণা ও সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top