বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় এসএসসি ‘৯৭ ব্যাচের বন্ধুমহল আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বক্ষণিকভাবে তাঁর পাশে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় মানিককাঠি বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আবদুল মন্নান হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার।
মতবিনিময় সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন করণীয়, নির্বাচনী পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এসএসসি ১৯৯৭ ব্যাচের বন্ধুমহল, স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় উপস্থিত এসএসসি ‘৯৭ ব্যাচের বন্ধুমহল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা ঐক্যবদ্ধভাবে আরিফুর রহমান শিমুল সিকদারের পাশে থাকবেন এবং সার্বক্ষণিক সহযোগিতার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাসাস সভাপতি মোঃ জসিমউদ্দিন, ১নং ওয়ার্ড সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মনির হোসেন, মানিককাঠি বাজার কমিটির সভাপতি মোঃ মনির হোসেন, ১নং ওয়ার্ড যুবদল নেতা ইমরান হোসেন ইমন এবং ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও এসএসসি-১৯৯৭ ব্যাচের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিমউদ্দীন, মোঃ আক্কাস হোসেন, রতন আলী, মোঃ শাহীন হোসেন, মোঃ মনিরুজ্জামান, মোঃ নয়ন হোসেন, আরাফাত হোসেন ফরিদ, মোঃ হুমায়ুন কবির ও মোঃ শ্যামল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রহমতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার মানিককাঠি এসএসসি-১৯৯৭ ব্যাচের বন্ধুমহল ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে রহমতপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, উন্নয়নমুখী ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।




