জাকির ফরাজী, পিরোজপুর
পিরোজপুরে দারুল হিকমাহ মহিলা মাদ্রাসার হেফজ সমাপনী ও কৃতি ছাত্রীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) পিরোজপুর বাইপাস সড়ক এলাকায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুফতি আহসানুল্লাহর সভাপতিত্বে এবং মাওলানা মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিপাড়া কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ওলামা-মাশায়েখ কমিটির সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। এছাড়া ঝালকাঠি তাবলিগ জামাতের আমির মুফতি আইয়ুব খান, খলিশাখালী মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, ডুমুরিতলা মাদ্রাসার মুহতামিম হারুনুর রশিদ, পুরাতন ঈদগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান, বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু বকর, রব্বানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আলী আকবর এবং ঈদগাহ মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল মান্নানসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হেফজ সমাপনী ছাত্রীদের সংবর্ধনা ও কৃতি ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্রীদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ইমাম হাসান বলেন, আমরা প্রতিবছর এ ধারাবাহিকতা অব্যাহত রাখব। হেফজখানার ছাত্রীদের মাঝে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির ছাত্রী মীম আক্তার ১৬তম জাতীয় হেফজ বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র দ্বিতীয় বছরেই ছয়জন ছাত্রী কৃতিত্বের সঙ্গে হেফজ সম্পন্ন করেছেন। সংশ্লিষ্টরা এ অর্জনকে পিরোজপুরের নারী শিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন।
উল্লেখ্য, দারুল হিকমাহ মহিলা মাদ্রাসাটি সম্পূর্ণরূপে নারী শিক্ষিকার মাধ্যমে পরিচালিত হচ্ছে।




