বরিশালে ১০ ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক

বরিশাল জার্নাল ডেস্ক

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল

থেকে বাস চলাচল শুরু হয়।

এর আগে সকালে শ্রমিক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বাস ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। পরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন তারা।

এতে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনাল ও আশপাশের এলাকায় আটকা পড়েন অনেক যাত্রী। অনেকে গন্তব্যে যেতে বিকল্প যানবাহনের খোঁজ করেন।

বাস চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ।

শ্রমিকরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তারা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এ দাবিতে এর আগেও বরিশালে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের আশ্বাসের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এরপর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top