বরিশাল জার্নাল ডেস্ক
সামাজিক মাধ্যমে নিজের নামে অপপ্রচারকারীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী। আগামী ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত করা না হলে থানার সামনে আত্মহত্যা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রবিবার বিকালে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীনের উপস্থিতিতে তিনি এ কথা বলেছেন।
বিল্লাল হোসেন বেপারীর জানান, কয়েক দিন ধরে তার একটি ছবির সঙ্গে টেবিলে রাখা কয়েকটি মদের বোতল এবং আরও দুই ব্যক্তির ছবি যুক্ত করে ভুয়া ছবি তৈরি করে কয়েকটি ফেসবুক আইডি থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি জানার পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এখনো এ ঘটনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেছেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে অপপ্রচারকারীদের শনাক্ত করা না হলে তিনি থানার সামনে আত্মহত্যা করবেন। ভুয়া ছবি প্রচারের কারণে তার ব্যক্তিগত সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে বিল্লাল হোসেন বেপারী আরও বলেছেন, তিনি পৌর বিএনপির সদস্য সচিব হয়েও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এ অবস্থায় সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিয়েও প্রশ্ন রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দীন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আগামীর সময়




