‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’, নারীকে বিএনপি নেতার প্রস্তাব

বরিশাল জার্নাল ডেস্ক

নরসিংদীর শিবপুরে ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’—এক নারীকে এমন কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম আশরাফ উদ্দিন আকন্দ। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২৮ জুলাই) ভুক্তভোগী নারী কর্তৃক অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

অভিযোগকারী নারী জানান, ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ উদ্দিন তাকে মধ্যরাতে পুকুরপাড়ে দেখা করার শর্ত দেন এবং বিনিময়ে একটি সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও অভিযোগ করেন, পূর্বেও ওই নেতার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার ঘোষিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি উঠেছেন স্থানীয়রা।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ বলেন, আমাকে সামাজিকভাবে হেয় করতে দলেরই একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে ওই নারীকে দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে যায়, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। এই অবস্থায় রাত ১২টায় পুকুরপাড় যাওয়ার প্রশ্নই ওঠে না।

তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারী মূলত মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। গত ঈদের সময় তিনি আমার কাছে জাকাতের কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, যা আমি দিতে পারিনি। সেই ক্ষোভ থেকেই এই চক্রান্ত করা হচ্ছে।

বিষয়টি নিয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি আমার নজরে এসেছে। আশরাফ উদ্দিনও আমার সঙ্গে যোগাযোগ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে দল থেকে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চক্রান্ত করা হয়ে থাকে, তবে সেই বিষয়েও সিদ্ধান্ত হবে।

এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top