বরিশাল জার্নাল ডেস্ক
রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের দুই নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।
এর আগে আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এরপর সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নেন তারা।
এরপর বিকেল ৩টা ৪০ মিনিটে আবার ফিরে আসেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সংসদ ভবনের দিকে যানা তারা।
একই দাবিতে দিনভর বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। এছাড়া, চট্টগ্রাম, রাজশাহী ও কুমিল্লাসহ আরও বেশ কয়েকটি জেলাতেও বিক্ষোভ করেছেন তারা।
সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন আলটিমেটামে বলেছেন, ‘আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’
শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় গ্রহণ করা এবং যারা অংশ নিতে পারেননি, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা। একই সঙ্গে আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তারা।
এর আগে বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে টানা আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় বসেননি।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলের দিকে সংসদ অধিবেশনের এক ফাঁকে এ বৈঠক শুরু হয়।
আগামীর সময়




