চরফ্যাশন প্রতিনিধি
‘সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে স্বাভাবিক (নরমাল) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে জরুরি ওষুধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক, মেডিকেল অফিসার (উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ) ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়ছর আহমেদ কমল, উপজেলা (প.প. ক) মোহাম্মদ ছালাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, জনতা বাজার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইন, দৈনিক কালবেলার স্থানীয় প্রতিনিধি মাঈনুদ্দিন জমাদার, বানিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল সবুজ, নিরপেক্ষ’র স্থানীয় প্রতিনিধি প্রভাষক ফুয়াদ এবং বিভিন্ন ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শকগণ।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাভাবিক প্রসবের গুরুত্ব তুলে ধরেন। অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমাতে সচেতনতা বৃদ্ধি, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব নিশ্চিতকরণ এবং মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্বাস্থ্যসেবার বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয়।




