স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’

বরিশাল জার্নাল ডেস্ক

জাতীয় সংসদের সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ-সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন।

স্পিকার বলেন, বিষয়টি নিয়ে কয়েকজন সংসদ সদস্য আপত্তি ও মতামত তুলে ধরেছিলেন। সে কারণে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারায় বলা হয়েছে, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, সংসদকক্ষ ত্যাগ কিংবা নিজ আসন গ্রহণ বা ত্যাগ করার সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

বিধিতে সম্মান প্রদর্শনের কথা উল্লেখ থাকলেও কিভাবে তা করতে হবে, সে বিষয়ে বাধ্যতামূলক কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। অতীতে বিধিতে থাকা ‘ঝুঁকিয়া’ শব্দটি ২০০৬ সালে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়। যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান তিনি। 

প্রসঙ্গত, গত মঙ্গলবার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সেদিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান সংসদকক্ষে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি জানান। পরে স্পিকার বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস দেন। 

এরপর বুধবার বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক বিষয়টির সুরাহা করার অনুরোধ জানান। তাদের উত্থাপিত প্রশ্নের পরিপ্রেক্ষিতেই স্পিকার কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top