কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির মা কচ্ছপ

বরিশাল জার্নাল ডেস্ক

কুয়াকাটা সৈকতে জীবিত অবস্থায় ভেসে এসেছে বিরল সামুদ্রিক প্রজাতির একটি অলিভ রিডলি মা কচ্ছপ। শনিবার (১৬ মে) সকালে সৈকতের ডিসি পয়েন্ট সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় জোয়ারের সঙ্গে কচ্ছপটি তীরে ভেসে আসে।

ধারণা করা হচ্ছে, ডিম পাড়ার উদ্দেশে এটি উপকূলের কাছাকাছি এসেছিল। তবে উদ্ধারকারীদের ভাষ্য অনুযায়ী, কচ্ছপটি স্বাভাবিকের তুলনায় অনেক দুর্বল অবস্থায় রয়েছে।

প্রথমে সৈকতের ফটোগ্রাফার সাইফুল ইসলাম কচ্ছপটিকে দেখতে পান। পরে তিনি কুয়াকাটা পরিবেশ রক্ষা আন্দোলনের উপ-আহ্বায়ক কেএম বাচ্চুকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

উদ্ধারকারীরা জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩৫ থেকে ৪০ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি অলিভ রিডলি প্রজাতির একটি মা কচ্ছপ।

কেএম বাচ্চু বলেন, আমরা কলাপাড়া ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেছি। চিকিৎসক ঘটনাস্থলে এসে কচ্ছপটির প্রাথমিক চিকিৎসা দেবেন। চিকিৎসা শেষে এটিকে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ বলেন, বিষয়টি জানার পর আমরা আমাদের একজন চিকিৎসককে ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, বিষয়টি জানার পর আমাদের কুয়াকাটা বিট কর্মকর্তা রুবেল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমরা সার্বক্ষণিক সহযোগিতা করছি।

ওয়ার্ল্ডফিশ-বাংলাদেশের ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, সমুদ্রে ট্রলিং জালে আটকে পড়ে অনেক সামুদ্রিক কচ্ছপ দীর্ঘ সময় বিপদে থাকে। এতে তারা দুর্বল হয়ে পড়ে এবং অনেক সময় তীরে ভেসে আসে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব, জাহাজের ধাক্কা, সমুদ্রে প্লাস্টিক দূষণ এবং জেলেদের অসচেতনতাও সামুদ্রিক কচ্ছপের জন্য বড় হুমকি। এসব কারণে তাদের স্বাভাবিক জীবনচক্র ও প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে, ফলে ধীরে ধীরে তাদের সংখ্যা কমে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top