বরিশাল জার্নাল ডেস্ক
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের ভারে একটি পুরোনো সেতু ধসে খালে পড়ে গেছে। এতে কাঁঠালিয়া-কৈখালী আঞ্চলিক সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শনিবার (১৬ মে) সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি অতিরিক্ত ওজন সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি সেতুর ওপর ওঠার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে কাঠামো ভেঙে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকসহ সেতুর বড় অংশ নিচের খালে তলিয়ে যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর সড়কের দুই প্রান্তে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে ওই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নব্বইয়ের দশকে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থায় থাকলেও ভারী যান চলাচল বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার সতর্ক করা হলেও কর্তৃপক্ষ উদাসীন ছিল বলে তারা দাবি করেন।
ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। একই সঙ্গে দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে অস্থায়ী বেইলি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ ও দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর কাজ শুরু হয়েছে।
কালবেলা




