রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ওই যুবক রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

 

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নিহতের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তার মৃত্যুর সংবাদটি পরিবারকে জানান।

 

নিহত মো. রিয়াদ রশিদ (২৮) কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. আব্দুর রশিদের ছেলে। চার ভাই ও তিন বোনের মধ্যে রিয়াদ ছিলেন তৃতীয়। রিয়াদ নিহত হওয়ার এক সপ্তাহ পর বিষয়টি জানতে পারে পরিবার।

 

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে রিয়াদের বন্ধু লিমন দত্ত সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে তার মৃত্যুর সংবাদটি পরিবারকে জানান। গত ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। এতে রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন এবং আহত হয় আরও ৩ জন। এ ছাড়া লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন এবং ড্রোন হামলায় তিনি গুরুতর আহত হয়ে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

পরিবারের দাবি, গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান রিয়াদ রশিদ। গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবার জানত না।

 

এদিকে ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। এখন শুনছি ড্রোন হামলায় নাকি সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও সন্ধান পাচ্ছি না। বাবা হিসেবে এই কষ্ট কেমন করে সহ্য করব?

 

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

 

এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জানান, স্থানীয় জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। নিহতদের বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top