বানারীপাড়ায় স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও সন্তান আটক

মাহমুদুল হাসান, বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লা (৫৫) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পারিবারিক বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও সন্তানকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান মোল্লার সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগর তাকে শারীরিকভাবে নির্যাতন করে। গ্রামবাসীর দাবি, ওই নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং তদন্ত শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বর্তমানে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। মৃত্যুটি অস্বাভাবিক মনে হওয়ায় তদন্ত শুরু করেছি। জড়িত থাকার সন্দেহে স্ত্রী ও সন্তানকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top